চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মেঘনার দক্ষিণে ৭০ জন যাত্রী নিয়ে ওই ট্রলারটি ডুবে যায়। বেসরকারিভাবে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান হাইমচর থানার এসআই আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় হাইমচরের তেলিরমোড় থেকে ৭০ জন যাত্রী নিয়ে এম.ভি রবিন নামে একটি যাত্রীবাহী ট্রলার মেঘনার পশ্চিমে ঈশানবালা চরের উদ্দেশ্যে রওনা হয়। এর ১৫ মিনিট পর মেঘনায় দক্ষিণ দিক থেকে আসা একটি মালবাহী জাহাজ ধাক্কা দিলে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। এসময় নদীতে ঘন কুয়াশা ছিল।
এসআই আনোয়ার হোসেন জানান, ডুবে যাওয়া যাত্রীদের তাৎক্ষণিক নদীতে থাকা জেলেরা উদ্ধার করে। এদের মধ্যে প্রায় ১০/১২ জন শিশু ছিল। বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় জেলেরা নৌকা ও ট্রলারের মাধ্যমে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে নেমেছে বলে জানান তিনি।


