পর্নোগ্রাফির ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে পাকিস্তান সরকার। দেশটির চার লাখেরও বেশি পর্নোগ্রাফি সাইট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর দেশের এইসব পর্নো সাইট ব্লক করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আদালতের নির্দেশের পর সোমবার পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) কাযক্রম শুরু করেছে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
৪ লাখ ২৯ হাজার ৩৪৩টি ডমিনের তালিকা তৈরি করে তা ব্লক করে দেওয়ার ব্যাপারে পদক্ষেপের তথ্য এক্সপ্রেস ট্রিবিউনকে নিশ্চিত করেছেন একজন দায়িত্বশীল কর্মকর্তা।
এর আগে ২০১১ সালে পাকিস্তানে এক হাজার পর্নো সাইট ব্লক করা হয়। ওই ঘটনার পর পর্নো সিডি-ডিভিডির বিক্রি বেড়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ২০১২ সালে পর্নো সাইট সার্চে শীর্ষে ছিল দেশটি।


