বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রোটিয়াদের হারিয়ে টাইগার যুবাদের শুভ সূচনা

bangladesh-south africa+ctg_2597যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের শিরোপাজয়ী দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগারদের দেয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  ১৯৭ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।

সফরকারীদের মধ্যে লিয়াম স্মিথ ১০০ রান করেন। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ও মিরাজ ৩টি করে উইকেট শিকার করেন। সাঈদ সরকার পান দুই উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৭৩, জয়রাজ শেখের ৪৬, পিনাক ঘোষের ৪৩ রানের সুবাদে ৭ উইকেটে ২৪০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মিরাজের ব্যাট থেকে এসেছে ২৩ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।

অফস্পিন দিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণের সূচনা করেছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ওভারে কোনো রান দেননি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পেয়েছেন সাফল্য। আউট করেছেন এক রান করা কাইল ভেরেনকে। নবম ওভারে দারুণ এক ডেলিভারিতে উইয়ান মুলডারকে (৮) বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।  ১৫তম ওভারে আবার সাইফুদ্দিনের আঘাত। প্রোটিয়াদের অধিনায়ক টনি ডি জর্জিকেও (৮) বোল্ড করেছেন এই ডানহাতি পেসার। ২১তম ওভারে বাংলাদেশ চতুর্থ সাফল্য পেয়েছে অফস্পিনার সাইদ সরকারের সুবাদে। তাঁর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন রিভালদো মুনসামি (৫)।

আরও পড়ুন