পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে দলবদ্ধভাবে নারীদের যৌন নিপীড়নের ঘটনার নয় মাস পর ঢাকার চকবাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, বুধবার রাতে খাজী দেওয়ান লেনের ৭৭ নম্বর বাসা থেকে মো. কামাল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “মহানগর গোয়েন্দা পুলিশ ওই ঘটনায় আটজনকে সনাক্ত করেছিল। গ্রেপ্তার কামাল তাদের একজন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ওই ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও দাবি করেছে পুলিশ।
যৌন হয়রানিতে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি উল্লেখ করে গত ডিসেম্বরে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের উৎসবের মধ্যে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়।
প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবির মুখে এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা এবং তদন্তের উদ্যোগ নেয়।
এরপর ১৭ মে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে আট নিপীড়ককে চিহ্নিত করার কথা জানান পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।
তবে ঘটনার আট মাস পর গত ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস ঢাকার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলেন, পুলিশ অপরাধী কাউকে শনাক্ত করতে পারেনি।


