বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাল বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক

বাংলাদেশ–ভারততিস্তার পানি বন্টন চুক্তি ও সীমান্ত হত্যাকা-কে প্রাধান্য দিয়ে আগামীকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে হচ্ছে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে তিন দিনের সফরে আজই ভারতে যাওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের। ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দু’দেশ যেসব বিষয়ে সম্মত হয়েছেন তার অগ্রগতি পর্যালোচনা হওয়ার কথা ওই বৈঠকে।

অনলাইন হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়, বৈঠককে সামনে রেখে অবিলম্বে তিস্তা চুক্তির অগ্রগতি কামনা করেছে ঢাকা। পাশাপাশি সীমান্তে বাংলাদেশীদের গুলি করে হত্যা করা কমানোরও আহ্বান জানিয়ে আসছে।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি পেলেই তিস্তা চুক্তি এগিয়ে নেয়া যেতে পারে। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা সফরে ছিলেন কিন্তু তার সরকার এখনও তিস্তা চুক্তির পক্ষে সম্মতি দেয় নি। দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এ বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন ভারতের দুটি রাজ্য আসাম ও পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য প্রস্তুুতি নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সীমান্ত হত্যা বৃদ্ধির বিষয়ে ঢাকা উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় কর্মকর্তারা স্বীকার করছেন বাংলাদেশ সীমান্তে সীমান্ত অতিক্রমের সময় ২১ অপরাধীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তাদের ভাষায় এর মধ্যে ১৬ জনই গরু পাচারকারী। কিন্তু বাংলাদেশী কর্মকর্তারা বলছেন, ২০১৫ সালে ৪০ জনকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, সীমান্তে গরু পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।

একজন সরকারি কর্মকর্তা বলেন, ভারত থেকে গরু সরবরাহ না থাকায় বাংলাদেশে গরুর মাংসের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ভারতীয় সহায়তায় বাংলাদেশে যেসব প্রকল্পের কাজ চলছে তা নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে।

আরও পড়ুন