সভাপতি নির্বাচিত হওয়ার দুই মাস আগেই আলতাফ মাহমুদ গত ২৫ জানুয়ারি মৃত্যুবরণ করায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি পদে আবারো নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শীর্ষ এই পদটিতে নতুনভাবে নেতা নির্বাচিত করবেন দেশের ১০টি সাংবাদিক ইউনিয়নের তিন হাজারের বেশি সাধারণ সদস্য। খুব শিগগির এ নির্বাচনের তফসিল হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়।
গত ২৮ নভেম্বর হয়েছিল মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বিএফইউজে’র নির্বাচন। সে সময় ঢাকাসহ সারাদেশে ১০ ইউনিয়নের মোট ৩ হাজার ২৬৩ জন ভোটার এ নির্বাচনে ২ বছরের জন্য বিএফইউজের সভাপতি, মহাসচিব, সহসভাপতি, কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির নেতা নির্বাচন করেন। নির্বাচনে ২টি প্যানেলে বিভক্ত হয়ে আলতাফ মাহমুদ-মোল্লা জালাল এবং আবদুল জলিল ভুঁইয়া- খায়রুজ্জামান কামাল প্রতিদ্বন্দ্বিতা করেন। আর স্বতন্ত্র মহাসচিব প্রার্থী ছিলেন ওমর ফারুক; যিনি নির্বাচিত হয়েছিলেন ৫৮৫ ভোট পেয়ে।
ওই নির্বাচনে সভাপতি পদে আলতাফ মাহমুদ পেয়েছিলেন ৭৭৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জলিল ভূঁইয়া পান ৬০৫ ভোট। একই ভাবে মহাসচিব পদে ওমর ফারুক পেয়েছেন ৫৮৫ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা জালাল পান ৫৭৫ ভোট। একই পদে খায়রুজ্জামান কামালের প্রাপ্ত ভোট ছিল ২৩৩।


