ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা নিখোঁজ হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করেছে সরকার। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম আজ মঙ্গলবার বেলা ১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুজা আলমকে ডেকে পাঠান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুজা আলম। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঢাকায় বার্ষিক ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) একটি তারিখের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্ন তিনি এড়িয়ে যান। তিনি জানান, তিনি শুধু ভালো বিষয় নিয়ে কথা বলবেন।
ইসলামাবাদে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সিলর ইকবাল হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হয়েছিলেন। দাপ্তরিক কাজ শেষ করে মেয়েকে কোচিং সেন্টার থেকে আনতে বের হয়ে তিনি নিখোঁজ হন। তবে তিনি ওই দিন দিবাগত রাতেই ‘অক্ষত’ অবস্থায় সেখানকার বাড়িতে ফিরেছেন বলে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে গতকাল ঢাকার গুলশান এলাকা থেকে সকালে পাকিস্তান হাইকমিশনের তথ্যসচিবের ব্যক্তিগত সহকারী আবরার আহমেদ খানকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় তাঁকে পাকিস্তান হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।


