বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি শামসুদ্দিন চৌধুরীর

bnimg-197904-2012-06-28প্রধান বিচারপতি ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে কাজ করছেন মন্তব্য করে তার পদত্যাগ দাবি করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

অবসরে যাওয়ার পর লেখা রায় ও আদেশ সোমবার বিকালে আপিল বিভাগে জমা দেওয়ার আগে সুপ্রিম কোর্টের মাজার গেইটের বাইরে সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন।

বিচারপতি শামসুদ্দিন বলেন, “অবসরপ্রাপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবে না… এই কথা বহু আগে খালেদা জিয়া বলেছিলেন। উনি খালেদা জিয়ার মুখপাত্র হয়ে বিএনপির এজেন্ডা চরিতার্থ করার জন্য এটা বলেছেন। উনার রাজনৈতিক উদ্দেশ্য আছে।”

আগের দিন তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ‘সংবিধান, আইন ও প্রথাবিরোধী’ আচরণের অভিযোগ আনেন।

এরপর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী আর গণমাধ্যমে কথা না বলে অনিষ্পন্ন সব রায়ের ফাইল ফেরত দেবেন বলে প্রত্যাশা করেছেন প্রধান বিচারপতি।

অবসরে যাওয়ার আগে বিচারপতি শামসুদ্দিন যে বেঞ্চে ছিলেন, সেই বেঞ্চে তার পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতির কাছে সোমবার নিজের লেখা রায় ও আদেশ পৌঁছে দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিচারপতি মো. ইমান আলী আমার লেখা ৬৫টি রায় ও আদেশ এবং এ সংক্রান্ত নথিপত্র গ্রহণ করেছেন। এরপর এসব রায়-আদেশ পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়ার কাছে যাবে। প্রক্রিয়া অনুসারে এরপর রায় ও আদেশ চূড়ান্ত হয়ে তার সই, পরবর্তী বিচারপতির সই শেষে আমার কাছে চূড়ান্ত সইয়ের জন্য আসবে।”

নথি জমা দেওয়ার আগে সুপ্রিম কোর্টে প্রবেশ পথেই বিচারপতি শামসুদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘সরকারবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ আনেন।

“উনি বলেছেন… সরকার নাকি বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে… এসব মিথ্যাচার করে বেড়াচ্ছেন মানুষের কাছে সরকারের জনপ্রিয়তা নষ্ট করার জন্য, মানুষের কাছে এই সরকারের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আমি মনে করি তার পদত্যাগ করা উচিৎ।”

আরও পড়ুন