পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ছয় দিন পর সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার বিকেলে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি তিনি। খবর ইউএনবির
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা ‘নিখোঁজ’ থাকার ঘটনায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে গত ২ ফেব্রুয়ারি তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে তার হাতে একটি চিঠিও দেওয়া হয়।
দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সোহরাব হোসেনকে তার দফতরে তলব করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অতিরিক্ত পররাষ্ট্র সচিব। এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ফয়সল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ছয় দিন আগে গত ২ ফেব্রুয়ারি ঢাকায় সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পাল্টা হিসেবে সোহরাব হোসেনকে তলব করল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে ফিরিয়ে নিতে বাধ্য হয় ইসলামাবাদ। এর পাল্টা পদক্ষেপ হিসেবে সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ইসলামাবাদ থেকে প্রত্যাহার করতে বলে পাকিস্তান।
এছাড়া গত ১ ফেব্রুয়ারি সন্দেহজনক গতিবিধির কারণ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কর্মী আবরার আহমেদ খানকে আটক করে গোয়েন্দা সংস্থা। তবে কয়েক ঘণ্টা পরে তাকে ছেড়ে দেওয়া হলেও কাজ শেষে বাড়ি ফেরার পথে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কর্মী জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন। পরে প্রায় ছয় ঘণ্টা পর গভীর রাতে তিনি বাসায় ফেরেন।


