বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিবিয়ানায় মার্কিন রাষ্ট্রদূত, উদ্দেশ্য জানে না প্রশাসন!

us_3755বিবিয়ানা গ্যাসক্ষেত্র সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। সোমবার সেখানে রাত্রিযাপনের পর মঙ্গলবার দুপুরে অনেকটা নীরবেই সিলেট ত্যাগ করেছেন তিনি।

তবে তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল নয় পুলিশ প্রশাসন।

জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত ছয়জন সফর সঙ্গী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার বেলা ১টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান। সেখান থেকে তিনি সোজা চলে যান হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে।

সেখানে রাত্রিযাপনের পর মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে একই বিমানে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

ঢাকায় ফিরে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন শেভরন বাংলাদেশ’র প্রেসিডেন্ট কেভিন লিওন, মিসেস কেভিন লিওন, বার্ডলি কিলবার্ন স্টিলওয়েলসহ আট সদস্যের একটি দল।

তবে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ প্রশাসন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র রহমত উল্লাহ যুগান্তরকে বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত সিলেট সফরে আসলে বিমানবন্দর থেকে নিয়ে আসি এবং যাওয়ার সময় নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে পৌঁছে দেই। মহানগরীতে তার কোনো অনুষ্ঠান না থাকায় এর বেশি আমাদের আর কিছু জানা নেই।’

সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা যুগান্তরকে বলেন, ‘বার্নিকাট বিমানে এসে সোজা চলে যান বিবিয়ানায়। ওখানে রাত কাটিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফিরেন। তবে কী উদ্দেশ্যে তিনি বিবিয়ানায় এসেছিলেন তা আমাদের জানা নেই।’

তবে নবীগঞ্জের ওসি আবদুল বাতেন খান যুগান্তরকে জানিয়েছেন, বিবিয়ানায় তাদের অভ্যন্তরীণ মিটিং ছিল। কিন্তু মিটিং কী আলোচনা হয়েছে তা তারা জানায়নি।

আরও পড়ুন