আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুদক তথ্য গোপনের অভিযোগ দেয়া হয়েছে। সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু বুধবার এ অভিযোগ জমা দেন।
অভিযোগে তিনি বলেন, ‘বারের সদস্য অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারপতি নিয়োগ সংক্রান্ত কাগজপত্রাদি ও নথিতে কোথাও তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো তথ্য নেই।
তিনি তথ্য গোপন করে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেছেন। যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে দুদকের তদন্তের আবেদন করছি।’
এদিকে দুদকে পাঠানো অভিযোগ বিষয়ে জানতে চাইলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘আপনাদের (সাংবাদিক) সঙ্গে এ বিষয়ে আর কথা বলব না। আমি যা বলি তার উল্টোটা প্রচার করা হয়। এখন একটি বিষয় নিয়ে ব্যস্ত আছি। পরে কথা বলব।’


