রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া ব্রিজের ঢালে প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম তোফাজ্জল। শুক্রবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি জানান, একটি প্রাইভেটকার ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চা দোকানে ধাক্কা দেয়। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়। দোকানে বসে চা খাচ্ছিলেন তোফাজ্জল হোসেন (৬০)। গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস। তিনি নারায়ণগঞ্জে বাস করতেন। জসিম নামে এক ব্যক্তি এ সময় আহত হন। তোফাজ্জলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।


