বুধবার ৪ নভেম্বর ২০২৬

চোরাচালান নির্মূলে কেউ ব্যবস্থা নিচ্ছে না: এফবিসিসিআই সভাপতি

fbcciসোনা চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, চোরাচালানের মূল উৎপাটনে কেউ ব্যবস্থা নিচ্ছে না। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “প্রতিদিনই সোনা আটক হচ্ছে। কিন্তু কারা এই সোনা আনে; কাদের জন্য আনা হচ্ছে- তাদেরকে আটক করা হয় না। বরাবরই তারা ধরছোঁয়ার বাইরে থেকে যায়।”

অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের উপস্থিতিতে শনিবার ঢাকায় এক সেমিনারে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠনটির এই প্রধান একথা বলেন।

এনবিআর এর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এর আয়োজন করে।

শুধু পাচার করা পণ্য নয়, কারা পাচার করছে এবং তাদের মূল হোতাদের আটক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগা এবং গোড়াও ধরতে হবে। খুব জানতে ইচ্ছে করে কারা এই সোনা আনে, কাদের জন্য আনা হয়।”

‘চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক মইনুল খান।

প্রবন্ধে তিনি তথ্য দেন, গত তিন বছরে তিন টন সোনা উদ্ধার করা হয়েছে, যার মূল্য এক হাজার ৪৫০ কোটি টাকা। আর আটক করা হয়েছে ১৩০ জনকে। গোয়েন্দা তৎপরতায় আরও প্রায় ৫০০ মণ সোনা চোরাচালান প্রতিরোধ করা হয়েছে। আটক করা সোনা আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, “দেশে অনেকভাবে চোরাচালান হচ্ছে। বাথরুমের মধ্যে সোনা পাওয়া যাচ্ছে। পেটের ভেতর থেকে জোর করে সোনা বের করা হচ্ছে। নাগরিক হিসেবে এটা দেশ ও আমাদের জন্য খুবই লজ্জার।”

দুর্নীতি করলে এনবিআর কর্মকর্তা ও ব্যবসায়ী উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “বিমানের সিট খুলে কীভাবে এতগুলো সোনা ভরা হলো কেউ কি জানে না? সংশ্লিষ্টদের ইন্ধন ছাড়া এটি সম্ভব না।”

সীমান্তে আজ যা ধরা পড়ছে, তা গাছের একটি পাতা মাত্র মন্তব্য করে মাতলুব আহমাদ বলেন, “একটি পাতা পড়লে গাছের আরও ১০টি পাতা গজাবে। চোরাচালান বন্ধে মূল উৎপাটনে কেউ ব্যবস্থা নিচ্ছে না।”

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চোরাচালানের মাধ্যমে ‘অরগানাইজড ক্রাইম’ শক্তিশালী হচ্ছে। এ জন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন