কারাবন্দি থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুব। মঙ্গলবার দুপুর দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনদের দাবি, নির্যাতনের কারণে মারা গেছেন মাহবুব।
আনোয়ার হোসেন মাহবুব তিনি মহানগরীর লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ১৫ জানুয়ারি লালবাগ থানা পুলিশ তাকে আটক করে।
কারারক্ষী হানিফ এনটিভি অনলাইনকে জানান, গতকাল সোমবার রাতে আনোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আনোয়ার হোসেনের স্ত্রী রিনা আক্তার দাবি করেন, শারীরিক নির্যাতনের কারণে আনোয়ারের মৃত্যু ঘটেছে। আনোয়ার দুই ছেলে ও এক মেয়ের জনক। আগামীকাল বুধবার আনোয়ারের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা যায়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আনোয়ার হোসেন মাহবুবের বিরুদ্ধে একটি নাশকতার মামলা আছে।


