বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের সব বাধা উপেক্ষা করে আগামী ১৯ মার্চ নির্দিষ্ট সময়েই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার দ্রুতই বিএনপির কাউন্সিলের অনুমতি দেবে বলেও প্রত্যাশা করেন তিনি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা জানান।
ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের কমিটিকে নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন,গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গেলেও ওই নির্বাচন সুষ্ঠু হবে-এমনটা মনে করছেন না মির্জা ফখরুল।
তিনি জানান, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী চূড়ান্তের কাজ চলছে, সঠিক সময় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিব বর্তমানে দেশের বিভিন্ন শিশু হত্যার ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, শিশু হত্যা প্রমাণ করে দেশের আইনশৃংখলা পরিস্থিতি ভেঙে পড়েছে।


