বৃক্ষ-মানব খ্যাত খুলনার আবুল বাজনদারের ডান হাতে শনিবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বিরল রোগে আক্রান্ত আবুলের শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার শুরু হয়। বেলা ১টার দিকে অস্ত্রোপচার শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন চিকিৎসকরা।
এতে উপস্থিত ছিলেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক আবুল কালাম, ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক রায়হানা আউয়াল, অধ্যাপক ড. মো. সাজ্জাদ খন্দকার এবং খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কবির চৌধুরী।
চিকিৎসকরা জানান, প্রথম অস্ত্রোপচারে তার ডান হাতের দুটি আঙুল (বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী) থেকে গাছের মতো শিকড় কাটার কথা থাকলেও হাতের মুভমেণ্ট ভাল থাকায় এবং গ্যংরিং না থাকা পুরো ডান হাতেই অপারেশন করা হয়।
চিকিৎসকরা বলেন, আবুলকে পুরোপুরি সুস্থ করে বাড়ি পাঠাতে চাই। আগের বৃক্ষ মানবকে ১৪ বার অপারেশন করা হলেও আবুলের আরো কম অপারেশন দরকার হবে। জটিল এ অপারেশন ছুরি দিয়ে করা সম্ভব নয় বলে ডায়োথার্মিক মেশিনের মাধ্যমে তার অস্ত্রোপচার করা হয় এবং এলএলটি প্রযুক্তিতে ড্রেসিং করা হয়।
ঢামেক বার্ন ইউনিট সূত্র জানায়, আবুলের দ্বিতীয় অস্ত্রোপচার হবে তিন সপ্তাহ পর।
অস্ত্রপচারের সময় আবুলের বাবা মানিক বাজানদার, মা আমেনা বেগম, স্ত্রী হালিমা আকতার ও ৩ বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন। তারা আবুলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, খুলনার পাইকগাছার আবুল বাজনদার (২৬) ১০ বছর ধরে হাতে-পায়ে গাছের মতো শেকড় গজানোর বিরল রোগে আক্রান্ত। তার বাবার নাম মানিক বাজনদার। মায়ের নাম আমেনা বেগম। পাইকগাছা বাসস্ট্যান্ডের কাছে তাদের বাড়ি। গত ৩০ জানুয়ারি ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিতে আসেন তিনি। আবুল এখন ঢামেকের বার্ন ইউনিটের ৫১৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক চিকিৎসকরা জানান, আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিমরফিস’ নামের একটি বিরল রোগে ভুগছেন। এ রোগটি ট্রি-ম্যান সিনড্রোম নামে পরিচিত। বছর দশেক আগে আবুল হাঁটুর নিচের দিকে ছোট ছোট কয়েকটি কালো রঙের আঁচিল দেখতে পান। এগুলো ধীরে ধীরে তার দুই পা এবং পরে হাতে ছড়িয়ে পড়ে। হাতের আঁচিলগুলো দ্রুত বাড়তে থাকে। এখন দেখতে গাছের শুকনো বাকলের মতো মনে হয়। পাঁচ বছর ধরে আবুল কোনো কাজ করতে পারেন না।
গত ৪ ফেব্রুয়ারি ঢামেক হাসপাতালে আবুলকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানান, আবুল বাজনদারের সকল চিকিৎসার খরচ বহন করবে সরকার।


