পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরে সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহকারী গোপাল চন্দ্র রায় গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া সেতুর পশ্চিম পাড়ে ওই মঠটি অবস্থিত।
পুলিশ জানিয়েছে, সকাল সাতটার দিকে দুর্বৃত্তরা প্রথমে মঠের দিকে ঢিল ছোড়ে। শব্দ শুনে বেরিয়ে আসেন মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়। তখন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। মহারাজের সহকারী গোপাল চন্দ্র রায় বাঁচাতে এগিয়ে তাকেও গুলি করে দুর্বৃত্তরা। গোপাল চন্দ্র রায়কে রংপুর মেডি্ক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, আনুমানিক তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পালানোর সময় তারা তিনটি বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিলউদ্দিন ঘটনাস্থলে অবস্থান করছেন।


