বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত ও স্ত্রীর বিচার শুরু

cricater_4912গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে তাঁদের বিরুদ্ধে বিচার শুরু হলো।

সোমবার অভিযোগ গঠন করেন ঢাকার ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল।

এসময় জামিনে থাকা মামলার দুই আসামি শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাত এবং নির্যাতিত গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি ও তার পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।

দোষী না নির্দোষ এমন প্রশ্নের জবাবে আসামিরা আদালতের কাছে নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

প্রসঙ্গত, গেল বছরের ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকালে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেয়া হয়।

২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে শাহাদাত ও নিত্যকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। গত ৪ ফেব্রুয়ারি চার্জশিট আমলে নেন ট্রাইব্যুনাল।

৩ অক্টোবর দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। আদালতের অনুমোদনক্রমে তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ১ ডিসেম্বর নিত্য’কে জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।

অন্যদিকে, শাহাদাত গত বছরের ৫ অক্টোবর সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

আদালতের নির্দেশে ৮ অক্টোবর থেকে তিনদিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরে ৮ ডিসেম্বর শাহাদাতকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিন দেন হাইকোর্ট।

আরও পড়ুন