বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কাছে ১ হাজার ৪৪৬ কোটি টাকা ভূমি কর (খাজনা) বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
সোমবার বিকেলে ১০ম জাতীয় সংসদের ৯ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
এম. আবদুল লতিফ মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ‘সরকারের ৪৫টি মন্ত্রণালয়ের ৩৭টিই ঠিকমতো খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ করে না, তাদের কাছে বকেয়া খাজনার পরিমাণ কত?’
প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খাজনা পরিশোন না করার বিষয়টি সম্পূর্ণ সঠিক নয়। ২০১৫-১৬ অর্থবছরে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং সংস্থার কাছে মোট দাবিকৃত বকেয়া (ভূমি উন্নয়ন কর) ছিলো ১ হাজার ৪৪৬ কোটি টাকা।’
তিনি আরো জানান, ‘বকেয়া ভূমি কর আদায়ে ভূমি সংস্কার বোর্ডের ৫ জন কর্মকর্তাকে লিয়াজোঁ কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের আওতাধীন সংস্থার বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি তত্ত্বাবধানের নিমিত্তে ‘ফোকাল পয়েন্ট’ মনোনয়নে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।’
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের সংশোধিত বাজেট ভূমি উন্নয়ন করের দাবি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ভূমিমন্ত্রী।


