নাশকতাকারী অথবা এলাকায় যাদের দুর্নাম আছে, এখন থেকে তাদের সরকারি চাকরিতে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ‘পুলিশ বাহিনীতে যাতে জামায়াত-শিবিরের লোক ঢুকতে না পারে, সেজন্য তাদের (পুলিশকে) সচেতন থাকতে হবে।’
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে একটি আন্তর্জাতিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রায় একই কথা বললেন আইজিপি।
জামায়াত শিবির যাই হোক, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে পুলিশ বাহিনীতে নিয়োগে কোন বাধা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
শহীদুল হক বলেন, ‘যারা দুষ্কৃতকারী, যাদের রিপোর্ট খারাপ আছে, যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, যাদের বিরুদ্ধে পুলিশি মামলা রয়েছে তারা কোনও সরকারি চাকরিতে আসতে পারে না। প্রধানমন্ত্রী আমাদের সেটাই স্মরণ করে দিয়েছেন। যাতে আমরা শনাক্তকরণের সময় বেশি সতর্ক থাকি।’
তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবিরের সাথে জড়িত থাকা রাজনৈতিক ব্যাপার আর জামায়াত-শিবির তো নিষিদ্ধ ঘোষিত সংগঠন না। যদি তারা অপরাধমূলক কর্মকাণ্ড করে তাহলে সেই ক্ষেত্রে সে বাদ যাবে। কে জামায়াত করে, কে বিএনপি করে, আর কে আওয়ামী লীগ করে সেটা আমরা দেখি না।’
বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকদের অবস্থান প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক জানান, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


