বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মির্জা আব্বাসের জামিন বহাল চেম্বার আদালতে

mirza abbasনাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর বৃহস্পতিবার ‘নো অর্ডার’ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফলে মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসকে জামিন দেন।

পল্টন ও মতিঝিল থানায় করা নাশকতার দুই মামলায় মির্জা আব্বাস ৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর উচ্চ আদালতে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। সেখানে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। মির্জা আব্বাস বর্তমানে কারাগারে রয়েছেন।

দুর্নীতির আরেকটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন বিবেচনাধীন থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না মির্জা আব্বাস।

আরও পড়ুন