যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে নির্বিচারে গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। গতকাল বৃহস্পতিবার অঙ্গরাজ্যের হেসটন শহরে ঘাসকাটা যন্ত্রের একটি কারখানায় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে হতাহতের সংখ্যা ও ঘটনার বিবরণ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য পরিবেশন করা হচ্ছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী এক্সেল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানার কর্মচারী ছিলেন। কর্তৃপক্ষের গুলিতে তিনিও নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হতে পারে।
স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম সেডরিক ফোর্ড। তিনি ওই কারখানায় রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি একটি আগ্নেয়াস্ত্রসহ ফেসবুকে ছবিও পোস্ট দিয়েছিলেন।


