প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আদালতে যেন রাজনীতি না ঢোকে সেদিকেও আপনাদের দৃষ্টি রাখতে হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদালত প্রসঙ্গে সিলেটে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আপনারা রাজনীতি করেন ভাল কথা, কিন্তু এখানে আদালতকে টানবেন না।
প্রধান বিচারপতির এ বক্তব্য উদ্ধৃত খন্দকার মাহবুব বলেন, ‘আপনি যা বলেছেন তা ঠিক আছে, কিন্তু আদালতে যেন রাজনীতি না ঢোকে সেদিকে আপনাদেরও দৃষ্টি রাখতে হবে, যাতে জনগণের কাছে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে খন্দকার মাহবুব বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন এই অবৈধ সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। মূল ষড়যন্ত্র দেশবাসী ও বিশ্ববাসীকে ধোঁকা দেয়া। কিন্তু তারা জানে না এ নির্বাচন একটি কঠিন নির্বাচন। এখানে যদি আওয়ামী সন্ত্রাসী ও তাদের পেটোয়া পুলিশ বাহিনী হস্তেক্ষপ করে তাহলে তৃণমুলে যে আন্দোলন ছড়িয়ে পড়বে সরকার তা সামাল দিতে পারবে না।’
খন্দকার মাহবুব বলেন, এই অবৈধ সরকার এমন একটি স্বৈরশাষক যারা প্রশাসনকে ধ্বংস করে আইন শৃংখলা বাহিনীকে নিজেদের পকেটে ভরেছে।
এই সরকারের পতন আসন্ন দাবি করে তিনি বলেন, আগামী দিনের আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বে রাস্তায় নামলে লাখ মানুষ রাস্তায় নামবে, প্রয়োজনে বুলেট উপেক্ষা করে। তখন সরকারের সবকিছু ধুলোয় মিশে যাবে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ -তথ্য ও গভেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেস্বাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।


