দেশের নারীদের এগিয়ে নিয়ে যেতে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একসময় আমি বলতে বাধ্য হয়েছি, যদি কোনো প্রমোশন বা কোনো ফাইলে মেয়েদের নাম না থাকে, তাহলে আমি ওই ফাইল সই করব না।’
শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকারপ্রধান বলেন, ‘আমরা সব জায়গায় মেয়েদের একটি অবস্থান করে দেওয়ার জন্য কাজ করছি। কারণ আমরা কোনোদিকে পিছিয়ে থাকতে চাই না। আমাদের মেয়েরা যখন যে জায়গায় সুযোগ পাচ্ছে, সেখানেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। এটাই আমার গলার জোর বৃদ্ধি করছে।’
নারী উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সমাজে নারীদের যে অবস্থান, সেটা জাতির পিতাই করে দিয়ে গেছেন। সে কারণে, আমরা যখন সরকার গঠন করেছি, নারীদের উন্নয়নে মনোযোগ দিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি।’


