বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ক আদেশ ৬ মার্চ

99824_MP Put-Faiরাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার ৩ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সামসুন্নাহার অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন।

এদিকে রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় একমাত্র আসামি সাংসদপুত্র বখতিয়ারকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিকআপ ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।

গত জানুয়ারিতে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তার আইনজীবী আবেদন করে দুই দফায় তারিখ পরিবর্তন করেন।

গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে বখতিয়ার আলম নেশাগ্রস্ত অবস্থায় প্রাডো গাড়ি থেকে তার পিস্তল দিয়ে ৪-৫টি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠর অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। হাকিম ১৫ এপ্রিল ও ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান।

এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন