বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তাহলে বিচার বিভাগ যাবে কোথায়?

cj_sk_sinha_5552প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা নষ্ট হয়, এমন মন্তব্য করা থেকে রাজনীতিবিদদের বিরত থাকা উচিত।

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে তার লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সোমবার আদালতে প্রধান বিচারপতি এ কথা বলেন।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চে ওই ব্যাখ্যা জমা দেন।

এস কে সিনহা বলেন, ‘আপনারা রাজনীতিবিদেরা বিচার বিভাগকে সরকারের অংশ বলে থাকেন, এটি ঠিক নয়। বিচার বিভাগ রাষ্ট্রের একটি অঙ্গ। সংবিধান মানতে হলে বিচার বিভাগকে মানতে হবে। বিচার বিভাগের ওপর আস্থা হারায় এমন কিছু করবেন না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আইনজীবীরা বলেন, সরকারের মন্ত্রীও বলেন, আপনারা বলেন- তাহলে বিচার বিভাগ যাবে কোথায়?’

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আদালতে ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীনের সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।

সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অভিযোগ করেন মির্জা ফখরুল।

এরপর গত ১৮ ফেব্রুয়ারি আদালত তার ওই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। ২২ ফেব্রুয়ারি আদালত জানায়, মির্জা ফখরুলকেই লিখিত আকারে ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

আরও পড়ুন