জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মুখ খুলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পাল্টা অভিযোগ করে আনিস বলেছেন, “গ্রেপ্তার এড়াতে এইচ এম এরশাদই ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে সমঝোতা করেছিলেন।”
দুদিন আগে জামালপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে এরশাদ এক-এগারোর কুশীলব হিসেবে তার দলের জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেন। এক-এগারোর হোতাদের সঙ্গে হাত মিলিয়ে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়েছিলেন বলেও দাবি করেন সাবেক এ রাষ্ট্রপতি।
মাহফুজ আনামের এক ‘ভুল’ স্বীকারের পর সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে আলোচনার মধ্যে এরশাদ বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে মিলে আনিসুল ইসলাম মাহমুদ তখন তাকে সরিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন।
এর প্রতিক্রিয়ায় মন্ত্রী আনিসুল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, তখন এরশাদের ‘নির্দেশে’ তাকে ‘রক্ষা’ করতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়েছিলেন।
“শেখ হাসিনা গ্রেপ্তার হলেন, খালেদা জিয়া গ্রেপ্তার হলেন, এরপর তার (এরশাদ) পালা আসে। তখন তিনি সমঝোতা করেন যে, তিনি স্টেপ ডাউন করবেন, যাতে তাকে গ্রেপ্তার না করা হয়।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিতে তখন প্রথমে এরশাদের ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি বলে দাবি করেন আনিসুল। বলেন, “ভাইয়ের প্রস্তাবে রাজি না হয়ে কাদের সাহেব মইন উ আহমদের সেমিনারগুলোতে অংশ নিচ্ছিলেন। যেন তারা সরকার গঠন করলে তার একটা সুযোগ থাকে। এরপর আমি এরশাদ সাহেবের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিই। ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। দুই বছর আমি দায়িত্বে ছিলাম, একটা সিদ্ধান্তও তার সঙ্গে পরামর্শ না করে নিইনি।”
সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আনিসুল দলীয় চেয়ারম্যানের ওই বক্তব্যে ‘দুঃখ’ পেয়েছেন বলে জানান। বলেন, “বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাকে কিছু বললে বা গত নির্বাচনের সময়কার কথা নিয়ে কিছু বললে আমার আপত্তি ছিল না।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সখ্য ছিল কি না- সাংবাদিকদের এই প্রশ্নে সামরিক শাসক এরশাদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার আনিসুল তা নাকচ করেন। বলেন, “কীভাবে সখ্যতা বলবেন, আমি কি তাদের সাথে কোনো মিটিং করেছি? ব্রিগেডিয়ার বারীর সঙ্গে মিটিংটাও তিনি (এরশাদ) নিজে করেন।”


