নারায়ণগঞ্জে সাত খুন মামলায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি আদালতে সাক্ষ্য দিচ্ছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য দিচ্ছেন তিনি।
কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে সাংবাদিকদের উপস্থিতে সাক্ষ্যগ্রহণ চলছে।
এর আগে সাতখুন মামলায় কারাবন্দি ২৩ আসামিকে আদালতে হাজির করেন পুলিশ। তবে র্যাবের আট সদস্যসহ ১২ আসামি এখনো পলাতক। তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।
৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয়জন এবং ১ মে সকালে অপরজনের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত নজরুলের শ্বশুর ছয় কোটি টাকার বিনিময়ে র্যাব তাদের হত্যা করেছে বলে অভিযোগ করেন।
পরে এ ঘটনায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও নিহত চন্দন সরকারের জামাতা ডা. বিজয় পাল পৃথক মামলা করেন।
সাত খুনের ঘটনার পরেই ত্রাণমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা তারেক সাঈদ ও তার অধস্তনদের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ মে রাতে তারেক সাঈদ ও আরিফ হোসেন এবং ১৭ মে এম এম রানাকে গ্রেপ্তার করে পুলিশ। র্যাবের এ তিন কর্মকর্তাকে প্রথমে প্রত্যাহার এবং পরে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।


