হবিগঞ্জে টাকার জন্য বাবাকে হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। তার নাম আল আমিন। শুক্রবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার দায় স্বীকার করেছে আল আমিন।
আল আমিন হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা নিহত কিতাব আলীর ছেলে। তিনি তার বাবার সঙ্গে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কিতাব আলী সম্প্রতি বিভিন্ন স্থানে ৩ কোটি টাকার জমি বিক্রি করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় (৩ মার্চ) জমি বিক্রির টাকা নিয়ে তার দুই ছেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই ছেলে আল আমিন ও জুয়েল মিলে বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেন। রাতেই বিষয়টি জানার পর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, টাকা লেনদেনকে কেন্দ্র করে কিতাব আলীকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার ছেলে আল আমিনকে আটক করা হয়েছে। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


