এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ-ভারতের খেলার টিকেট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই খেলার টিকেট কিনতে মিরপুর ১০ নম্বর সেকশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথে শনিবার সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। এর মধ্যেই টিকেট নাই এবং জাল টিকেট বিক্রি হচ্ছে গুজব ছড়ালে লাইনে দাঁড়ানো টিকেট প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায় সেটা সংঘর্ষে রূপ নেয়।
মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, টিকেট বিক্রি শুরুর আগেই এক পর্যায়ে ব্যাংকে ইট নিক্ষেপ এবং সড়কে গাড়ি ভাংচুর শুরু করে জনগণ। এতে পুলিশ লাঠিচার্জ করে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তিনি জানান, এই ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। টেলিভিশনের ছবিতে পুলিশকে কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছুড়তে দেখা যায়। একই সঙ্গে টিকেট প্রত্যাশীরা টিকেট বিক্রিতে নানা অনিয়মের অভিযোগও তুলেছেন।


