দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কনস্টেবল নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল লতিফ। এ ঘটনায় আরো চার কনস্টেবল আহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।
বোচাগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান,রাতে টহল দেওয়ার সময় সেতাবগজ্ঞ-পীরগঞ্জ সড়কের টিকিয়াপাড়া নামক জায়গায় টহল পুলিশের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পুলিশ কনস্টেবল আবদুল লতিফ নিহত হন। আহত চার কনেস্টবলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


