বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কর্ম ও আত্মবিশ্বাসে নারীর মর্যাদা অর্জন করতে হবে

hasina_6334নারীদের কর্ম ও আত্মবিশ্বাসের মধ্য দিয়ে নিজেদের মর্যাদা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমান সমান’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বাংলাদেশসহ সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উদ্দেশে বলেন, আমাদের কারও দিকে মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। নিজেদের এগিয়ে যেতে হবে। ইসলাম ধর্মই নারীদের এগিয়ে ‍যাওয়ার সুযোগ করে দিয়েছে। ইসলাম ধর্মে নারীর গৌরবের ইতিহাস রয়েছে।নিজের মর্যাদা কর্ম ও আত্মবিশ্বাসের মধ্য দিয়ে নিজেকেই অর্জন করতে হবে।

সবক্ষেত্রে নারীরা সুচারুভাবে কাজ করে যাচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, আমরা নারীদের প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান ভারত-পাকিস্তানের আগে রয়েছে। বাংলাদেশের সরকার প্রধান, সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা সবাই নারী। বিশ্বের কোথাও এ ধরনের নজির নেই।

এ সময় তিন বাহিনীতে নারীদের উপস্থিতি, জজকোর্টে নারী, নারী পাইলটসহ বাংলাদেশের জন্য সাঁতার ও ভারোত্তলনে দুই নারীর স্বর্ণ জয়ের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

নারীদের জন্য সরকারের নানা উদ্যোগের বিবরণ দিয়ে তিনি বলেন,  ২০১০ সালে আমরা ক্ষমতায় আসার পর তৃণমূল পর্যায় থেকে স্থানীয় সরকার প্রক্রিয়া শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। উপজেলা পরিষদে নারীদের আসার প্রক্রিয়া করেছি। স্থানীয় সরকারের সবক্ষেত্রে নারীদের আসার ব্যবস্থা করে দিয়েছি।

সচিবালয় থেকে সব জায়গায় ডেকেয়ার সেন্টার চালু করেছি। স্বামী পরিত্যক্তা, নির্যাতিত নারীদের জন্য ভাতার ব্যবস্থা করেছি। নারীদের জন্য নীতিমালা করেছি। নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যৌতুক নিরোধ আইন সংশোধন করে যুগপোযোগী করা হচ্ছে। আরও করা হচ্ছে ক্রাইসিস সেন্টার। মেয়েরা যেনো আইনি সহায়তা পায় সে ব্যবস্থাও করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। সেখানে ব্যবস্থা করা হয়েছে নারীদের কর্মসংস্থানের। সবার সমন্বিত প্রচেষ্টায়ই সোনার বাংলা গড়ে তুলতে পারবো।

শেখ হাসিনা বলেন, চাকরির ক্ষেত্রে নারীদের ১০ শতাংশ কোটা বঙ্গবন্ধু চালু করে গেছেন। নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করে গেছেন। এরই ধারাবাহিকতায় আমরাও নারী শিক্ষায় নানা ধরণের সহায়তা করছি।

আরও পড়ুন