২৮শে মার্চ আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কাউন্সিলের তারিখ পেছানো হচ্ছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরবর্তী বৈঠকে কাউন্সিলের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। আজ দুপুরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এতথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এছাড়া ওইসব প্রার্থীর পক্ষে কাজ করবেন বা তাদের মদত দেবেন তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে।
এক্ষেত্রে সাংগঠনিক সম্পাদকদের রিপোর্টের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন পরিচালনা কমিটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


