অভিনব কায়দায় একজন গৃহবধূকে গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। ‘স্বামীকে আটকে রাখা হয়েছে, উদ্ধার করতে হবে’ এই বলে গৃহবধূকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণের শিকার গৃহবধূ হেলেনা বেগমের বাড়ি বালিয়াতলীর নয়াপাড়া গ্রামে। শনিবার সাগরে মাছ শিকারে বের হয় তার স্বামী রুমান। বুধবার তার ফেরার কথা ছিল। এই সুযোগ নেয় ভাড়াটে মোটরসাইকেল চালক মহিবুল্লাহ।
বুধবার সন্ধ্যায় মহিবুল্লার নেতৃত্বে বেশ কয়েকজন লোক এসে হেলেনাকে বলে ‘তোমার স্বামীকে আটকে রাখা হয়েছে, চল উদ্ধার করতে হবে।’ তারা হেলেনাকে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে নিয়ে ধর্ষণ করে। কয়েক ঘণ্টা ধরে ওই গৃহবধূর ওপর আদিম নির্যাতন চালানো হয়। এলাকাবাসী পরে পুলিশকে খবর দিয়েছে।
ওই গৃহবধূ জানান, এলাকার কয়েকজন প্রায়শই তাকে নানাভাবে প্রলোভন দেখাতো। এদের একজনকে সে ধর্ষণের সময় দেখেছে। স্বামী মাছ ধরতে বাইরে গেলে ওই ব্যক্তি নানা ছুতোয় তার বাড়ি যেত। এ নিয়ে এর আগেও সালিশ হয়েছে। কিন্তু এবার তার সর্বস্ব লুটে নেওয়া হল।
কলাপাড়া থানার পুলিশ জানায়, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


