নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের নাম নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বোটে করে ৮-১০ জনের একদল ডাকাত রামদা, বগিদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঘাট এলাকায় কর্মরত স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ ডাকাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরো দুই ডাকাত। অন্যরা পালিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ছয়জনকে ঘোরাফেরা করতে দেখে ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন তাদের সাথে তর্ক-বিতর্ক শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাদেরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
আহত অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।


