
প্রতিপক্ষ কিংবা আবহাওয়া নয়, কোয়ালিফাইং পর্বের শেষ ম্যাচে নিজেদের পারফর্মেন্সের দিকে তাকিয়ে বাংলাদেশ। চূড়ান্ত পর্বের আগে ওমানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের সামনে ভুলত্রুটি শুধরে নেয়ার শেষ সুযোগ। অন্যদিকে, ওমান চাইছে নিজেদের আত্মবিশ্বাসী ক্রিকেট দিয়ে বাংলাদেশকে চমকে দিতে। সুপার টেন নিশ্চিতে রাত ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওমান।
বৃষ্টিতে ধুয়ে যাবার পরদিন দুপুরে রোদের আভাস। বাংলাদেশ ক্যাম্পের এখন প্রার্থনা একটাই অন্তত একদিনের জন্য হলেও যেন পরিস্কার থাকে হিমাচলের আকাশ।
সংবাদ সম্মেলনে অবশ্য টাইগার বোলিং হিথ স্ট্রিক আবহাওয়া নিয়ে তেমন ভিন্ন কিছু বললেন না। অংশ গ্রহনকারী অন্য ১৫ দলের মত বাংলাদেশেরও ঝড় বৃষ্টির ওপর হাত নেই।
এ গ্রুপের শেষ ম্যাচে ওমান প্রতিপক্ষ একেবারেই অচেনা। সেই আননোন ফ্যাক্টর নিয়ে ভাবছে না টাইগার বাহিনী। অন্য দলগুলোর বিপক্ষে ম্যাচের মতই গুরুত্ব ও ফোকাস নিয়েই মাঠে নামবে মাশরাফির দল।
ওমান ম্যাচে নিশ্চিত ভাবেই থাকছেন না মুস্তাফিজুর রহমান। সেরে না ওঠায় চূড়ান্ত পর্বের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না চন্ডিকা।
বাংলাদেশ দূর্গে যখন পেশাদারিত্বের প্রতিফলন তখন আবেগে ভেসে যাচ্ছে ওমান। টেস্ট খেলুড়ে দেশের সাথে কাঁধে কাঁধ রেখে দাঁড়ানোর শিহরণেই উচ্ছসিত আল আহমার। এমন আবেগকে নিয়েই আত্মবিশ্বাসী ওমান আপসেট ঘটাতে চায় বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে ওমানের জন্য রোববার ম্যাচ হওয়া জরুরী। কোয়ালিফায়ারের অলিখিত ফাইনালের আগে টাইগারদের চেয়ে রানরেটে পিছিয়ে আছে তারা।


