বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইনে স্থানান্তর করা ৮১ মিলিয়ন ডলার থেকে ৬৮ হাজার ডলার ফেরৎ দিয়েছে ফিলিপাইন। রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব এম আসলাম আলম এ তথ্য জানিয়েছেন।
এদিন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে উপস্থিত সংবাদকর্মীদের এ কথা জানান আসলাম। আগামী ১৫ মার্চ এ সংক্রান্ত করণীয় নিয়ে ব্যাংকের জরুরি বোর্ডসভা ডাকা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এম আসলাম আলম বলেন, ফিলিপাইনে যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৬৮ হাজার ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনাটি ঘটেছে গত ৫ ফেব্রুয়ারি। এরপর ২৩ ফেব্রুয়ারি বোর্ড সভা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটির সভা হয়েছে। কোনো সভাতেই অর্থ চুরির বিষয়ে আমাকে জানানো হয়নি। এটা অবশ্যই সরকার এবং আমাদেরকে জানানো উচিত ছিল। বিষয়টি না জানানোয় তিনি অসন্তুষ্টিও প্রকাশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন ডলার চুরি হয়েছে। এর মধ্যে ৮১ মিলিয়ন ফিলিপিন্সে এবং ২০ মিলিয়ন ডলার শ্রীলংকায় পাচার করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ৭ মার্চ এক বিবৃতিতে জানায়, শ্রীলংকার ২০ মিলিয়ন ডলার ফেরত আনা হয়েছে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬০ কোটি টাকা।


