জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের সহযোগিতা করার জন্যই দলের কয়েকজন কাউন্সিল থেকে বেরিয়ে যাওয়ার মতো এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টন জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, ‘রহস্যজনক কারণে, গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্পূর্ণ বাইরে গিয়ে তারা কাউন্সিল থেকে বের হয়ে গিয়ে রাস্তায় বসে নিজেদের মতো একটি কমিটি ঘোষণা করে। কিন্তু তারপরও কমিটিতে তাদের রাখা হয়েছে।’
কাউন্সিল থেকে বের হয়ে যাওয়ার পরও কেন তাদের কমিটিতে রাখা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তাদের ভুল শুধরিয়ে আবারো যাতে দলে ফিরে আসতে পারে সেই আশা থেকে তাদের নতুন কমিটিতে রাখা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিরিন আখতার, কার্যকরী সভাপতি হাবিবুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।


