কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনায় আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে এ সংবাদ সম্মেলন আজ বেলা ১১টায় হওয়ার কথা ছিল। এ তথ্য জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহিদুর রহমান।
সাংবাদিকদের শাহিদুর রহমান বলেন, অর্থমন্ত্রী সাড়ে ১০টার দিকে সচিবালয়ে হাজির হয়েছেন। বেলা ১১টার পরিবর্তে দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন হবে।
কী কারণে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি অর্থ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরির বিষয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।


