আগামী ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি আবার জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কাউন্সিল উপলক্ষে সারা দেশে সাড়া জেগেছে। বিএনপি পুনরায় জেগে ওঠবে এবং এই কাউন্সিল অনন্য ভূমিকা রাখবে, নেতাকর্মীরা নিশ্চিত।’
তিনি বলেন, কাউন্সিল করতে বিএনপিকে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থান সংকুলান হচ্ছে না।
মির্জা ফখরুল জানান, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতি চেয়েছে। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে অনুমতি দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কাউন্সিলে সারা দেশ থেকে ৮০০ কাউন্সিলর যোগ দেবেন।
আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, কাউন্সিলের দিন ‘স্যাবোটাজের’ কোনো আশংকা তারা করছেন না। সুষ্ঠুভাবে কাউন্সিল শেষ হবে এবং এ জন্য সরকারের সহায়তা চান মির্জা ফখরুল।
এদিকে, বৃহস্পতিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের আপ্যায়ন কমিটির আহ্বায়ক ও দলের অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আবদুস সালাম বলেন, ‘ষষ্ঠ কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পেলে ওই এলাকায় যানজট হলে বিএনপি দায়ী থাকবে না।’
তিনি বলেন, ‘কাউন্সিলে প্রথম থেকেই প্রতিবন্ধকতা চলছে। এখনও চলছে। কাউন্সিলের জন্য যতটুকু জায়গা দরকার সেটুকু পাইনি। এখন কাউন্সিলের এলাকায় কোনো যানজট হলে তার দায় সরকারের।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে আবদুস সালাম বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিদেশী মেহমান, কাউন্সিলর ও সাংবাদিক ছাড়া কারও জায়গা থাকবে না। ডেলিগেটরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে অবস্থান করবেন। তাদের ৯টি স্থান থেকে খাবার সরবরাহ করা হবে।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


