মালয়েশিয়ার নতুন বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধে বাংলাদেশের সাথে করা দেশটির ১৫ লাখ শ্রমিক নিয়োগের চুক্তির বৈধতায় কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশের সাথে স্বাক্ষর করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ ৫ বছর রয়েছে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতো সেরি রিচার্ড রায়োট। তিনি বৃহস্পতিবার মালয়েশিয়ার স্টার অনলাইন পত্রিকাকে এ কথা বলেন।
তিনি বলেন, ‘যখন সাময়িক শ্রমিক নিয়োগের স্থগিতাদেশ উঠে যাবে তখন চুক্তিটি বৈধ থাকবে। আমরা শ্রমিক নিয়োগের চুক্তি কেবল বাংলাদেশের সাথে নয়, আরো সাতটি দেশের সাথেও করেছি।’
মালয়েশিয়ার সংসদ লবিতে দেশটির পত্রিকা স্টার অনলাইনকে মন্ত্রী বলেন, ‘স্থগিতাদেশ এসব সমঝোতাকে বাতিল করবে না।’
যদিও মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি শনিবার বলেছেন, মন্ত্রিসভা দেশে নতুন বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘যেসব নিয়োগদাতার শ্রমিক দরকার তারা মালয়েশিয়ার বৈধ কাগজপত্রহীন ও কাগজপত্রের মেয়াদোত্তীর্ণদের নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।’
উপ-প্রধানমন্ত্রীর পাশপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হামিদি বলেন, ‘এ জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করে নেয়া যাবে।’
এদিকে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী নিয়োগ স্থগিত করার কারণে তাদের নির্মাণাধীন প্রকল্পে কোনো সমস্যা হবে না। কারণ দেশে পর্যাপ্ত বিদেশি শ্রমিক রয়েছে।
শ্রমমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ জানিয়েছেন, সে দেশের অবৈধ শ্রমিকদের বৈধ ওয়ার্ক পারমিটের সুযোগ দিতে সরকার নতুন বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছে ।


