যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সঙ্গে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বৈঠকের দিন দুদিন পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় গঠিত সিআইডির সাত সদস্যের তদন্ত দলের প্রধান ডিআইজি সাইফুল ইসলাম জানিয়েছিলেন, শুক্রবার সকালে সিআইডি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে এ বৈঠকের সময় পরিবর্তন করা হয়।
সাইফুল ইসলাম জানিয়েছেন, এফবিআইয়ের ঢাকা অফিসের প্রধান সিআইডি অফিসে আসবেন। এরপর তিনিসহ এফবিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে সিআইডির একটি বৈঠক হবে। তারা চাইলে সহযোগিতা নেয়া হবে। তাদের কাছ থেকে বিশেষজ্ঞ মতামতও জানতে চাওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরের পর সিআইডির সাত সদস্যের তদন্তদল বাংলাদেশ ব্যাংকে যায়। তারা সেখানে রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন।
তদন্তদলের সদস্য ও সিআইডির অর্গানাইজড ক্রাইম টিমের বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লা হেল বাকী যুগান্তরকে জানিয়েছেন, তদন্তে দ্রুত অগ্রগতি আনতে আমরা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের অন্তত ৫০ জন কর্মকর্তাকে জেরা করেছি। ব্যাংকের কম্পিউটারগুলো থেকে তথ্য কপি (ইমেজিং) করেছি। আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের কাছে বিদেশী অপরাধীদের তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছি। দেশীয় সন্দেহভাজনরা যাতে দেশত্যাগ করতে না পারে সে জন্য সব বন্দরে প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার তদন্ত প্রায় শেষ। ৫-৭ দিনের মধ্যেই রহস্য উন্মোচন করতে পারব। যে ধরনের বিষয় নিয়ে সিআইডির কাজ করা উচিত এটা সে ধরনেরই একটি মামলা। আর আমাদের টিমের কাজ হল অর্গানাইজড ক্রাইম নিয়ে কাজ করা। এ মামলাটিই সত্যিকারের একটি অর্গানাইজড ক্রাইম।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত দলের একজন কর্মকর্তা জানান, সাইবার অ্যাটাক হয়েছে ৪ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে। এ সময় যারা দায়িত্বে ছিলেন তাদের প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। ওই সময় দায়িত্বে ছিলেন অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট ডিপার্টমেন্টের ব্যাংক অফিস অব ডিলিং রুমের যুগ্ম পরিচালক ও মামলার বাদী জোবায়ের বিন হুদা, সুইফট শাখার সহকারী পরিচালক রফিক আহমেদ মজুমদারসহ প্রায় এক ডজন কর্মকর্তা।
এদিকে রিজার্ভের অর্থচুরির ঘটনায় প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্ত দলের প্রধান ডিআইজি সাইফুল ইসলাম ।


