কখনো ভেবে দেখেছি ছেলেদের ও মেয়েদের শার্টের বোতাম এক দিকে হয় না কেন? ভাববার বিষয়ও নয়। ব্যস্ত জীবনে আর অত ভাববার সময়ই বা কোথায়! শার্ট পরার সময় এক বার ভাল করে দেখবেন কথাটা ঠিক কিনা। এখন প্রশ্ন উঠতেই পারে এর পিছনে রহস্যটাই বা কী?
এর অনেকগুলো কারণ সামনে এসেছে। যেমন, প্রাচীন কালে যখন পোশাকের প্রচলন শুরু হয় তখন থেকেই পুরুষরা নিজেরাই নিজেদের জামা গায়ে দিতো। সেই থেকেই ডান দিকে বোতামের চল শুরু। আর মহিলাদের তখন অন্য কেউ জামা পরিয়ে দিত। তাই যারা জামা পরিয়ে দিতো তাদের সুবিধার্থেই বাম দিকে বোতাম রাখার প্রচলন চালু হয়।
আবার এই তথ্যও এসেছে, প্রাচীনকালে পুরুষরা যেহেতু ডান হাতে তলোয়ার রাখতেন তাই বাম হাতে পোশাক খুলতে সুবিধা হতো। অন্য দিকে, মহিলারা বাম দিকে সন্তানদের রাখতেন বলেই পোশাক খোলার জন্য ডান হাত ব্যবহার করতে হতো।
আবার অনেকে বলেন, এর পিছনে ইতিহাসেরও যোগ রয়েছে। কী সেই ইতিহাস? ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নাকি মহিলাদের পোশাকের বাম দিকে বোতাম লাগানোর নির্দেশ দিয়েছিলেন। নেপোলিয়নের এ রকম নির্দেশ দেয়ার কারণ হিসেবে কথিত আছে, তিনি তার একটি হাত সব সময় শার্টের ভিতরে রাখতেন, আর তাকে ব্যঙ্গ করে নকল করতেন মহিলারা। যখন নেপোলিয়ন এই খবর জানতে পারেন তা বন্ধ করার জন্য মহিলাদের শার্টের বাম দিকে বোতাম লাগানোর নির্দেশ দেন।
উপরের কারণগুলো শুনে নিজেকে বোকা বোকা মনে হতে পারে। তবে কারণ যা-ই থাকুন না কেন এটা তো সত্যি যে মহিলাদের শার্টের বাম দিকে আর পুরুষদের ডান দিকে বোতাম থাকে। সুতরাং উপরের কারণগুলো কোনো একটি বাস্তব হলেও হতে পারে!


