বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রিজার্ভের ডলা লোপাট: অর্থমন্ত্রীর বিচার চান ইমরান এইচ সরকার

বাংলাদেশের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও দায়ী করে তার বিচার দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জনগণের কষ্টার্জিত হাজার কোটি টাকা রিজার্ভ জালিয়াতির বিরুদ্ধে’ এক নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানান তিনি।

ইমরান বলেন, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে আগের অর্থ লুটপাটের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে না পারলে রিজার্ভ লুটের পেছনের হোতাদের বের করা সম্ভব হবে না।

“আমি মনে করি, আজকে এই লুটপাটের বিচার করতে গেলে বিগত সাত বছরে হাজার হাজার কোটি টাকা লোপাটের প্রশ্রয়দাতা বাংলাদেশের অর্থমন্ত্রী, তাকে আগে বিচারের আওতায় আনতে হবে।”

এ বিষয়ে হল-মার্কের মাধ্যমে সোনালী ব্যাংকের ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া মুহিতের মন্তব্যের প্রসঙ্গ টানেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

“কীসের ভিত্তিতে তিনি হাজার হাজার কোটি টাকা লোপাট হওয়ার পরও একের পর এক বলে যাচ্ছেন, ‘চার হাজার কোটি টাকা কিছু না’- এই কথাগুলোর রহস্য এখন খুঁজে বের করতে হবে।”

কয়েক হাজার কোটি টাকা লুটপাটের পরও অর্থমন্ত্রী পাত্তা না দেওয়ার ফলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লুট করা সম্ভব হয়েছে বলে মনে করেন ইমরান।

“যখন বলা হয়েছে, চার হাজার টাকা কিছু না তখন থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাটের নীল-নকশা শুরু হয়ে গিয়েছে।”

লুটপাটের ঘটনাকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্যই হ্যাকিংয়ের নাটক সাজানো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

ইমরান বলেন, “গভর্নরকে পদত্যাগ করিয়ে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে। এটা ধামাচাপা গভর্নরও বলা যায়।

“কেননা সোনালী ব্যাংকের লুটপাটের পর তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছিল ওই অর্থ জালিয়াতি ধামাচাপা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়া হয়েছে।”

সমাবেশ শেষে ৬টার দিকে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শাহবাগে শেষ হয়।

আরও পড়ুন