পাকিস্তানে দক্ষিণ এশিয়ার আট দেশের আঞ্চলিক সহযোগিতামূলক জোট সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন চলতি বছরের নভেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল।
বৃহস্পতিবার নেপালের পোখারায় হওয়া সার্ক মন্ত্রীদের কাউন্সিলের ৩৭তম এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক থেকে আগামী ৯ ও ১০ নভেম্বর এই শীর্ষ সম্মেলনের সময় ঠিক করা হয়। সম্মেলনের ভেন্যু হিসেবে পাকিস্তান আগে থেকেই নির্ধারিত ছিল।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিশেষভাবে কানেক্টিভিটি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, সন্ত্রাসবাদ ও সমুদ্র অর্থনীতিসহ অন্যান্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে প্রতি দুই বছর পর পর নভেম্বর মাসে সার্কের শীর্ষ সম্মেলন করার জন্য মন্ত্রীদের কাউন্সিল থেকে সুপারিশ করা হয়।
বৃহস্পতিবারের মন্ত্রীদের কাউন্সিলের আগে সার্ক স্থায়ী কমিটির ৪২তম বৈঠক এবং সার্ক প্রোগ্রামিং কমিটির ৫২তম বৈঠক হয়।
স্থায়ী কমিটির বৈঠকে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এতে বাংলাদেশ আগামী ৪ থেকে ৭ এপ্রিলে সার্ক কৃষি মন্ত্রীদের তৃতীয় বৈঠক এবং চলতি বছরের শেষ দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীদের তৃতীয় বৈঠক আয়োজনের ঘোষণা দেয়।
সার্ক সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক এবং চলতি বছরের অক্টোবরে সার্ক কালচারাল ক্যাপিটাল প্রোগ্রামের উদ্বোধনী পর্ব রাখারও ঘোষণা দেয় বাংলাদেশ।
এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে দারিদ্র্য দূরীকরণের ওপর সার্ক মন্ত্রীদের পঞ্চম বৈঠকের আয়োজনও করবে ঢাকা।
পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল ভারতের নয়া দিল্লীতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্ত্র (এসডিএমসি) প্রতিষ্ঠা এবং পাকিস্তানের ইসলামাবাদে থাকা পরিবেশ কেন্দ্রটি সেটির সঙ্গে একীভূত করার সুপারিশ করে।
কাউন্সিলের বৈঠকে নেপালে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সফরে ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
দক্ষিণ এশিয়ার সাত দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার ফোরাম সার্ক ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। পরে আফগানিস্তান এই সংস্থার সদস্যপদ পায়।


