বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আবুল বাজানদারের বাম হাতেও সফল অস্ত্রোপচার

tree manবৃক্ষমানব খ্যাত আবুল বাজানদারের বাম হাতের অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তাকে অপারেশন কক্ষে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে বাজানদারের বাম হাতের অপারেশন করা হয়।

বাজানদারের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্ত লাল সেন বলেন, আগের বারের চেয়ে এবার সময় কম লেগেছে এবং অস্ত্রোপচার খুব ভালো হয়েছে। আমরা খুব আশাবাদী তাকে নিয়ে।

ডা. সেন বলেন, তার ডান হাতে অপারেশন আমরা আগেই করেছি। তাই সেই অভিজ্ঞতা এবার খুব কাজে লেগেছে এবং অপারেশন সহজ হয়েছে।

সাতজন চিকিৎসক আজকের এই অস্ত্রোপচারের কাজে অংশ নেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত বাংলাদেশের আবুল বাজানদার বিশ্বের এ ধরনের তৃতীয় রোগী। গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডান হাতের পাঁচ আঙ্গুলে প্রথম অস্ত্রোপচার করে জটমুক্ত করা হয়।

এদিকে, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম জানান, আবুল বাজানদারের চিকিৎসায় যতদিন সময় লাগবে তার পুরোটা সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বৃক্ষমানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার।

গত ৩০ জানুয়ারি খুলনার আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন এবং তার চিকিৎসায় বর্তমানে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ করছে।

আরও পড়ুন