নতুন ভবন ও ফ্ল্যাট নির্মাণে পরিবেশের বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউশনের উদ্বোধন শেষে স্থপতিদের প্রতি এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অনেক বাড়ি-ফ্ল্যাট নির্মাণ হয়, যেখানে আলো-বাতাস ঢুকে না। সবার তো সাধ্য নেই শীতাতপ নিয়ন্ত্রিত করবে। এজন্য আপনাদের (স্থপতি) বলবো, বাড়ি-ফ্ল্যাট নির্মাণের সময় পরিবেশের বিষয়টা বিবেচনায় রাখবেন।
শেখ হাসিনা বলেন, স্থাপত্য নির্মাণের আগে দেশী কনসালটেন্টদের পরামর্শ নিতে হবে। বাইরের দেশের কনসালটেন্টদের চেয়ে আমাদের দেশের কনসালটেন্টরা দেশের আবহাওয়া সম্পর্কে ভালো জানেন বা ভালো বোঝেন। তাই তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটাই ভালো।
তিনি বলেন, দেশের স্থপতিদের এমন স্থাপত্য নির্মাণ করতে হবে, যা টেকসই ও মজবুতের পাশাপাশি পরিবেশবান্ধব হবে। হাসপাতাল, কলকারখানাসহ বিভিন্ন স্থাপত্যের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।


