
সোনারগাঁ উপজেলার দত্তপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতি।
সোমবার দুপুর পৌনে ২টায় সোনারগাঁয়ের দত্তপাড়ার নিজ বাড়ির সামনের মসজিদের মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। দিতির মামা মাওলানা দেলোয়ার হোসেন জানাজা নামাজের ইমামতি করেন। শেষে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে মা ও বাবার পাশেই তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও ইউএনও আবু নাসের ভূইয়া, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাহাবউদ্দিন সাবু, সোনারগাঁও নাগরিক কমিটির সভাপতি এটিএম কামাল, দিতির ছেলে সাফায়েত হোসেন দীপ্ত চৌধুরী, দিতির বড় ভাই মনির হোসেন, পারভেজ হোসেন, আনোয়ার হোসেন ও টিপু প্রমুখ। এছাড়া তার পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকার এফডিসি ও গুলশানে একাধিক জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে সোমবার দুপুর সোয়া ১২টায় দিতির লাশ পৌঁছায় দত্তপাড়া গ্রামে।
সোনারগাঁয়ের দত্তপাড়া গ্রামের মৃত আবুল খলিফার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয় হলেন দিতি। দিতি ছোট বেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আশির দশকে বাংলা চলচ্চিত্রে পা রাখেন তিনি। দিতি ছাড়াও তার বড় ভাই মনির হোসেন ও পারভেজ দুজনেই গান গাইতেন। ছোট বোন নাসরিন এক সময় মডেলিং করতেন। আরেক ভাই আনোয়ার ছবি আঁকার সাথে জড়িত।
১৯৭৪ সালে দিতি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ভর্তি হন সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁও জি আর ইনস্টিটিউশনে। এখানে পড়াশুনার পাশাপাশি দিতি নিয়মিত গান গাইতেন। মূলত গায়িকা হিসেবেই স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি ঘটে। ১৯৭৯ সালে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন থেকে এসএসসি পাশের পর পড়াশুনার সুবাদে চলে যান ঢাকায়। সেখানে বাংলাদেশ টেলিভিশনে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ে জড়িয়ে পড়েন। এক সময় নায়িকা হিসেবে শক্ত অবস্থান দখল করেন বাংলা চলচ্চিত্রে। একের পর এক ব্যবসা সফল ছবির মাধ্যমে দিতি জয় করে নেন দশর্ক হৃদয়। বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা ছড়িয়ে পড়লে তিনি স্বেচ্ছায় বাংলা চলচ্চিত্র থেকে দূরে সরে যান। সর্বশেষ তিনি টিভি নাটকের সাথে জড়িত ছিলেন।


