বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ওয়াটার কিংডমে নেমে কলেজছাত্রের মৃত্যু

Water-Kingdomwসাভারের আশুলিয়ার জামগড়ায় বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে গোসল করতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রের নাম সামিউল ফাহিম। সে রাজধানীর ধানমণ্ডির প্রকৌশলী খাজা শামসুদ্দীনের ছেলে। সামিউল বিএএফ শাহীন কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়ত।

কনকর্ড গ্রুপের মালিকানাধীন ফ্যান্টাসি কিংডমের নির্বাহী পরিচালক অনুপ কুমার জানান, সকালের দিকে সামিউল ও তার আরো ১৬ জন বন্ধু ফ্যান্টাসি কিংডমে ঘুরতে আসে। পরে তারা সবাই ওয়াটার কিংডমে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তার বন্ধুরা দেখতে পায় সামিউল অচেতন অবস্থায় পানিতে পড়ে আছে। পরে পার্ক কর্তৃপক্ষ ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের উপব্যবস্থাপক হারুনুর রশীদ জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করে বলা যাবে।

এদিকে, আশুলিয়া থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদের জানান, সুরতহাল করার সময় কলেজছাত্রের মৃতদেহে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে হঠাৎ ছেলেকে এভাবে হারিয়ে শোকে বিহ্বল তার বাবা খাজা শামসুদ্দীন। তিনি বলেন, ‘আমার সুস্থ ছেলে আনন্দ করতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসবে কোনোদিন ধারণাও করিনি।’

আরও পড়ুন