বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভালো পরিবেশে ভোট হচ্ছে, দাবি ইসির

138068_1ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোটের চার ঘণ্টার পরিবেশে সন্তুষ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

চার নির্বাচন কমিশনার মঙ্গলবার সকাল থেকে বিভাগ ওয়ারি ইউপি’র খোঁজ খবর নিয়েছেন। এ পর্যন্ত অন্তত ১৬টি ভোট কেন্দ্র স্থগিত হয়েছে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবখানে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।

দিন শেষে ভোটার উপস্থিতিও ৬০ শতাংশের বেশি হতে পারে বলে মনে করেন তিনি।

সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে ৭১৭টি ইউপিতে। বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

বেলা ১২ টায় নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ‘ভোটের আগে প্রচারণাকে কেন্দ্র করে যেমন শঙ্কার কথা বলা হয়েছে, আসলে ততটা হয়নি। প্রথম চার ঘণ্টায় ভালো পরিবেশে ভোট হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। সবখানে ঠিক মতো ভোট চলছে।’

তিনি জানান, ইউপি নির্বাচনে সব সময় উত্তেজনা বিরাজ করে। তৃণমূলের এ ভোটে উপস্থিতিও ভালো হয়। নারী ভোটারের উপস্থিতির বেশি রয়েছে বলে তথ্য এসেছে।

এ নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলার সময়ই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ অপর চার নির্বাচন কমিশনারের সঙ্গে টেলি-কনফারেন্স করছিলেন।

এসময় ভোট তদারকির দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও শাহনেওয়াজ ভোট পরিস্থিতির তথ্য বিনিময় করেন।

আবু হাফিজ জানান, সাতক্ষীরা, খুলনা, বরিশালের একাংশ ও নোয়াখালী এলাকার কিছু জায়গায় সংঘর্ষ-গোলযোগ হয়েছে। অন্য সবখানে ভালোভাবে ভোট চলছে।

‘আমি ঢাকা ও ময়নসিংহ বিভাগের অন্তত আটজন জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। মুন্সিগঞ্জের একটি ইউপির এক কেন্দ্রে গোলযোগের তথ্য পেয়েছি। অনেক এলাকায় ইতোমধ্যে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে তথ্য পাচ্ছি, দিনশেষে দেখা যাক কেমন হয়’ বলেন তিনি।

এ নির্বাচন কমিশনার ঢাকা ও ময়মনসিংহ, আবদুল মোবারক রংপুর ও রাজশাহী, জাবেদ আলী সিলেট ও চট্টগ্রাম এবং শাহনেওয়াজ খুলনা ও বরিশাল বিভাগের ভোট পরিস্থিতি মনিটরিং করছেন।

এরইমধ্যে বিএনপি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ইউপি ভোটে ইসির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করা হয়।

এ বিষয়ে আবু হাফিজ বলেন, ‘রাজনৈতিক দল তাদের মতামত দিতে পারে, আমরা এ নিয়ে মন্তব্য করবো না। যেসব অভিযোগ পাচ্ছি, সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অনিয়ম রোধে নিজেদের কঠোর অবস্থানের কথা তুলে ধরে এ নির্বাচন কমিশনার জানান, শেষ ব্যালট পর্যন্ত অনিয়ম প্রতিহত করার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে আইন শৃঙ্খলাবাহিনী নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

‘অনিয়ম-সংঘর্ষ হলে আজকের ভোটের ৭১৭ ইউপির মধ্যে অর্ধেক বন্ধ হলেও অসুবিধা নেই। কেউ কেন্দ্র দখল, অনিয়মের চেষ্টা করলেই বন্ধ করে দেওয়ার জন্যে বলা হয়েছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই’ বলেন আবু হাফিজ।

ভোটে দিনের অর্ধেক সময়ে স্বস্তি থাকলেও দিন শেষে মূল্যায়ন করা যাবে তাদের সন্তুষ্টি-মত এ নির্বাচন কমিশনারের।

তিনি বলেন, ‘ভোটের আগেই সহিংসতার খবর এসেছে। আজ এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের সহিংসতার তথ্য পায়নি। দেখা যাক, বিকালে কি হয়। একটু উত্তেজনা থাকলেও তেমন খারাপ পরিস্থিতি হবে না আশা করি। তখন বলতে পারবো-সন্তুষ্টি ও অসন্তুষ্টির কথা।’

জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রেজাউল করিম ভুইয়া সকালে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের কাছে কেন্দ্র দখল নিয়ে অভিযোগ দিয়েছেন।

কুমিল্লা এলাকার কয়েকটি ইউপিতে তাদের নেতাকর্মীদের বের করে দেওয়া ও কেন্দ্র দখলের লিখিত অভিযোগ দেন তিনি।

আরও পড়ুন